রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি:
প্রকৃতি রুদ্ররোষে পাহাড় ধসের কবলে পড়ে দিশেহারা রাঙ্গামাটি কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে বসতভিটা হারানোর আতঙ্ক—এমনই এক সংকটময় মুহূর্তে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার ৯ জুলাই কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
গত ০৭ জুলাইয়ের পাহাড় ধসে মাটিচাপা পড়ে দুই শিশু আহত হওয়ার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রাণ বাঁচাতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দা এখন ঠাঁই নিয়েছেন কর্ণফুলী সরকারি কলেজ ও সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।এই দুঃসময়ে ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসে ওয়াগ্গাছড়া জোন। মানবিকতার হাত বাড়িয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৭০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় জরুরি খাদ্যসামগ্রী। ত্রাণ সহায়তার তালিকায় ছিল খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও ওরস্যালাইন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি পরম মমতায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় তাদের মনোবল শক্ত রাখার আহ্বান জানান।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিজিবি সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং যেকোনো বিপদের সময় ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”উপজেলা প্রশাসন আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের খাবারের ব্যবস্থা করলেও, বিজিবির ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই অতিরিক্ত মানবিক সহায়তা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। দুর্যোগের এই দুঃসময়ে বিজিবির এমন ভূমিকা স্থানীয় জনসাধারণের মধ্যে প্রশংসিত হচ্ছে।

