মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় মানবাধিকার সংগঠনের পরিচয়ে একটি বাড়িতে প্রবেশের অভিযোগে চারজনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মুচলেকা নিয়ে উদ্ধার করে।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় মশিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মশিয়ার রহমানের প্রবাসী ছেলের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিরোধ চলছিল। তবে এ বিষয়ে কোনো ধরনের লিখিত বা মৌখিক অভিযোগ কোথাও দেওয়া হয়নি। এরই মধ্যে রাতের বেলায় চারজন ব্যক্তি নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, তারা নিজেদের সাংবাদিক ও প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন এবং পুলিশ, আর্মি ও র্যাবের সঙ্গে যোগাযোগ থাকার কথাও বলেন। এতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
মশিয়ার রহমান জানান, কোনো অভিযোগ ছাড়াই হঠাৎ রাতে বাড়িতে এসে তারা ভয়ভীতি প্রদর্শন করেন এবং অশোভন আচরণ করেন, যা পরিবারের জন্য অপমানজনক পরিস্থিতি তৈরি করে।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চারজনকে একটি ঘরে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
আটক ব্যক্তিরা দাবি করেন, পারিবারিক বিরোধের বিষয়ে ঢাকায় তাদের সংগঠনের কার্যালয়ে ফোনে অভিযোগ করা হয়েছিল। তবে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে সরাসরি ঘটনাস্থলে যাওয়াকে তারা ভুল হিসেবে স্বীকার করেন।
ডোমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সংগঠনটি সম্প্রতি কাগজপত্র জমা দিলেও ঘটনার দিন তাদের সঙ্গে প্রশাসনের কোনো যোগাযোগ ছিল না।

