মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
যমুনা নদীতে পানি বাড়ার পাশাপাশি প্রবল স্রোত তৈরি হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলায় নদী তীররক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা ধসে নদীতে বিলীন হয়ে গেছে।শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা তীররক্ষা বাঁধের ‘পণ্ডিতের ভিটা’ এলাকায় এই ধস দেখা দেয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরে যমুনা নদীতে পানি ওঠানামা করায় হঠাৎ করেই বাহুকা এলাকায় নদীর তীররক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা ধসে গেছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা ভাঙন এলাকা পরিদর্শন করেছি। বর্তমানে ভাঙন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রোববার (২১ জুন) সকাল থেকে ভাঙনরোধে ওই এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

