মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কয়েকজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী মাদলা এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, “পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড” নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে পাহাড়ের মাটি কাটছিল। জেলা পরিবেশ অধিদপ্তরের সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রসিকিউশনের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির জুনিয়র অফিসার মোঃ ফারুক হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কর্মচারী আবদুল লতিফ ও উসমান গনিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই দিনে উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ড্রেজার দিয়ে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট করার দায়ে জমির মালিক মোঃ হাসান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার এ কর্মকাণ্ডে আশপাশের জমি হুমকির মুখে পড়েছিল বলে জানা গেছে। এর আগে “ড্রেজার দিয়ে মাটি তুলে কৃষিজমি ভরাট করছে” এই শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ ও প্রচার হয়েছিলো।

