এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“আমরা বৃক্ষ রোপণ করি, রোপণ করিয়া পালন করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের ডেপুটি রেঞ্জার, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও আমাদের নিতে হবে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অচিরেই দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এ কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং জনসাধারণের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে দৌলতপুর উপজেলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

