চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) চারজন বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতা-কর্মী যোগ দিয়েছেন।
দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে আসা নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিনসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
দলটির দাবি, বিএনপি, গণঅধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে আগত দুই শতাধিক ব্যক্তি এই যোগদান প্রক্রিয়ায় যুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চারজন বীর মুক্তিযোদ্ধা—আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বলেও জানানো হয়।
অনুষ্ঠানে নেতারা বলেন, নতুন রাজনৈতিক ধারা ও জনমুখী কর্মকাণ্ডের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, যার প্রতিফলন হিসেবে এই যোগদান ঘটেছে।
আয়োজনে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

