লিবিয়ার বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন সম্পন্ন হয়। এতে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতা করে।
ফেরত আসা অনেক বাংলাদেশি জানান, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় প্রবেশ করেন এবং সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইওএম কর্মকর্তারা। এ সময় ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা, খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
অবৈধ অভিবাসন থেকে বিরত থাকতে এবং এ ধরনের ঘটনার অভিজ্ঞতা অন্যদের জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

