সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন শিশু হাম বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।
এই সময়ে মোট ৮ হাজার ৩২৯ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি ৬০ হাজার ৫৪০ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ২১০ জনের মৃত্যু এবং ৩৫ হাজার ২১ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

