সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলের জালে আটকা পড়া একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার জেটি রোডসংলগ্ন হাইল হাওড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় জালে অজগরটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে জানান। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান,সাধারণত Python গণের সাপগুলোকে অজগর বলা হয়। বিশ্বে বর্তমানে অজগরের প্রায় ৩৯ থেকে ৪১টি প্রজাতি শনাক্ত হয়েছে,যার মধ্যে ১০টি সরাসরি Python গণের অন্তর্ভুক্ত। বাংলাদেশে প্রধানত দুটি প্রজাতির অজগর বেশি দেখা যায়,যদিও কিছু সূত্রে তিনটি প্রজাতির উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে।
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, দেশে সবচেয়ে বেশি দেখা যায় ময়াল বা বার্মিজ অজগর। সুন্দরবন,সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরহরিৎ বনে এদের বসবাস। এরা বিষহীন, শান্ত স্বভাবের এবং ধীরগতির সাপ। শিকার ধরার পর শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পুরো শিকার গিলে ফেলে।
তিনি আরও বলেন,অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। বিপদ অনুভব করলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করে। এরা দক্ষ সাঁতারু এবং দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। পাশাপাশি গাছে বসেও শিকারের জন্য ওৎ পেতে থাকে। খাদ্য হিসেবে এরা ইঁদুর,খরগোশ, শিয়াল,হরিণ ও ছাগলজাতীয় প্রাণী শিকার করে থাকে।
স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে অজগরটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

