সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি আল আমিন (২৭) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুনায়েদ মিয়া তার বাড়ির সামনে একটি গাছের নিচে বসে মোবাইলে গেম খেলছিল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার মা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর, ২৯ মার্চ রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাসক্ষেতে জুনায়েদের মরদেহ দেখতে পান। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় জুনায়েদের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল) ও সিপিসি-৩ (সুনামগঞ্জ) এর যৌথ দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে। এর আগে গত ৮ এপ্রিল একই মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

