সাভার প্রতিনিধি:
সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব সামীর সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ২৩ এপ্রিল সাভার থানায় জিডি নং-২২৬২ দায়ের করেন মাহবুব সামীর। জিডিতে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে শামীম রেজা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ কারণে নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে মাহবুব সামীর বলেন, সাভারের মাদক সম্রাট শামীম রেজা কিছুদিন আগে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। কিন্তু কারাগারে অবস্থান করেও তিনি বিভিন্ন ষড়যন্ত্রের নীলনকশা করছেন এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শামীম রেজা বিভিন্নভাবে আমাকে ফাঁসানোর অপচেষ্টা করছেন। তার স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে আমাকে হয়রানি এবং মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন হওয়ায় আইনের আশ্রয় নিয়েছি।
মাহবুব সামীর দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

