ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের কর্মীদের ভিড়ে ভোগান্তিতে পড়ছেন ভোটাররা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এসএম হলের অংশে এ পরিস্থিতি লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের প্রবেশমুখেই প্রার্থীরা হাতে লিফলেট নিয়ে দাঁড়িয়ে আছেন। কেউ ব্যাগে, কেউ আবার বাক্সে লিফলেট নিয়ে সেগুলো ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। এতে ভোটকেন্দ্রে প্রবেশে শিক্ষার্থীদের লাইনে ভোগান্তি এবং কৃত্রিম জট তৈরি হয়।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারসামগ্রী বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বেশিরভাগ প্রার্থী ও তাঁদের সমর্থকরা এ নিয়ম মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে মানবসেবা সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী এ বি জোবায়ের এ বিষয়ে প্রতিবাদ করলে কয়েকজন তাঁর দিকে তেড়ে গিয়ে ‘ভুয়া’ স্লোগান দিয়ে তাড়িয়ে দেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি প্রার্থীদের উদ্দেশে ভোটারদের সুবিধার্থে ভিড় না করার অনুরোধ জানান।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, “আমরা কিছু অভিযোগ পেয়েছি, তবে সরেজমিনে গেলে বড় ধরনের জটলা চোখে পড়েনি। অভিযোগ আসলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।”
তিনি আরও জানান, আচরণবিধি ভঙ্গের বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

