বগুড়ার শেরপুর উপজেলায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. সামির হোসেন মিশু। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার রনবীরবালা ঘাটপাড় এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. সামির হোসেন মিশু একটি চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওই রেস্তোরাঁয় যান। এ সময় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী পুলিশকে তার অবস্থান সম্পর্কে অবহিত করেন। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রেফতারের সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ দ্রুত তাকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ডা. সামির হোসেন মিশু বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাটে সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কারণে তিনি স্থানীয়ভাবে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালে তাকে বগুড়া থেকে অন্যত্র বদলি করা হয়। পরে ২০২৫ সালের ২২ অক্টোবর তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, “ডা. সামির হোসেন মিশুকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার গ্রেফতারকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

