চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় ৫৮-বিজিবি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৩ টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির সদস্যরা এগুলো উদ্ধার করে।
৫৮-বিজিবি জানান, মাধবখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার সাইফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্তের ৭০/৬-এস সীমান্ত পিলার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারত অভ্যন্তরে পালিয়ে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয়এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এস্কাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

