মো.আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২২ আগস্ট) ভোর রাতে অভিযানে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট থেকে ভর্তুকি মূল্যের চালগুলো জব্দ করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি ১৫ টাকা কেজি দরে বরাদ্দকৃত চাল কিনে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সাময়িকভাবে স্থানীয় ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এনায়েতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তীতে আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান ইউএনও।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয়দের দাবি, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধ বেচাকেনার সঙ্গেই এ চাল জড়িত। নৌকা মালিক ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা গেলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে ধারণা।

