সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোনের পাশে শেরপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও সওজের যৌথ অভিযানে প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা;পাকা ও আধা-পাকা দোকানপাট,বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের মাধ্যমে সরকারি জমি প্রায় ১ একর ২০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই জমি মূলত শেরপুর মোড় এলাকায় যানজট কমানো,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পথচারীদের নিরাপদ চলাচল এবং পরিচ্ছন্নতা রক্ষার জন্য ব্যবহার করা হবে।
উচ্ছেদ অভিযানের আগে দখলদারদের নোটিশ পাঠানো হয়েছিল এবং মাইকিংয়ের মাধ্যমে সরানোর কথা বলা হলেও কেউ সরে যাননি। তাই মঙ্গলবার সকাল থেকে দুই ঘণ্টাব্যাপী বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার হামিদ,জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহ,পুলিশের সদস্য, সেনাবাহিনী,আনসার,ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসন জানিয়েছে,ভবিষ্যতেও সরকারি জমি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

