রাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে অনলাইন ক্যাসিনোর ডন হিসেবে পরিচিত সেলিম মিয়া ওরফে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সেলিম প্রধান তার মালিকানাধীন সিসা বার থেকেই গ্রেফতার হন। বারিধারা এলাকায় ওই সিসা বার পরিচালনা করছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগে সেলিম প্রধানকে গ্রেফতার করেছিল র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও বিদেশি মদ জব্দ করা হয়।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত সেলিম প্রধান গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

