মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বর্ণের চেইন চুরির অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করেন ওই নারী। তবে তার সন্দেহজনক গতিবিধি উপস্থিত লোকজনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সরাইল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে থানায় নিয়ে যায়।
সরাইল থানা পুলিশ জানায়, আটক নারীর বিরুদ্ধে চুরির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

