নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী গ্রাম ভবানী পুর এলাকায় বন্য হাতির আক্রমণ করে কেড়ে নিল প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকে প্রাণ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে। চার সন্তানের মধ্যে সে সবার ছোট ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকা বোরো ধান কৃষকেরা কেটে ঘরে তুলেছেন। এ সময় খাবারের সন্ধানে বন্য হাতি পাল ফসলের মাঠে হানা দিচ্ছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে পেচিয়ে ধরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি উপজেলার ভবানীপুর গ্রামে। তার বাবা নিপশন নকরেক জানান, আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক জানান, ঘটনাটি জানার পর আমি সরেজমিনে গিয়েছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি আরও জানান, ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায় এবং বর্তমানে তিনটি পয়েন্টে বন্য হাতির উপদ্রব বেড়েছে। এজন্য এলাকাবাসিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া প্রদান করা হবে।

