আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিককে তার পেশাগত কাজে বাধা ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল সেক্রেটারি জনির বিরুদ্ধে।
২৯ জানুয়ারি(বৃহস্পতিবার) রাত দেড়টার দিকে ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের জন্য গেলে, দৈনিক খোলা কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ মুহসিনকে উদ্দেশ্য করে এসব অশালীন ভাষা ব্যবহারপূর্বক পেশাগত কাজে বাধা প্রদান করেন ছাত্রদল সেক্রেটারি সোহেল রানা জনি।
এসময় তাকে তার দায়িত্ব পালনে বাধাস্বরূপ ভিডিও বন্ধের জন্য বারবার হাত দিয়ে ইশারা করতে থাকেন ছাত্রদল সেক্রেটারি সোহেল রানা জনি। এসময় তাচ্ছিল্যের স্বরে তুই-তোকারি করে সেই সাংবাদিককে— ‘ক্যামেরা ওদিকে নে, সরা সরা’ বলতে দেখা যায় ছাত্রদল সেক্রেটারি জনিকে।
এ ব্যাপারে জানতে চাইলে দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ মুহসিন প্রতিবেদককে জানান,”জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো ভেবেছিলাম, সে জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা হয়তো ছাত্রসংগঠনগুলো এখন অস্বীকার করবে, কিন্তু আজকের এমন উন্মুক্ত সহাবস্থানের রাজনীতির পরিবেশ সৃষ্টির পিছনে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। ছাত্রদলের মতো সংগঠনের সেক্রেটারির কাছ থেকে এধরনের অশ্রাব্য ভাষা ব্যবহার ও কাজে বাধা প্রদান কখনোই কাম্য ছিলো না।”
পেশাদার কাজে হস্তক্ষেপ এর ব্যাপারে জানতে চাইলে শাখা ছাত্রদল সেক্রেটারি অস্বীকার করেন। তিনি বলেন, “যখন আমরা সমাবেশস্থলে পৌঁছাই তখন শিবিরের কিছু ছেলেপেলে আমার দিকে ক্যামেরা তাক করে ছিলো। তাদের উদ্দেশ্য করে আমি বলেছিলাম। কোনো সাংবাদিককে নয়”

