আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বৈদেশিক ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
সংসদে রুমিন ফারহানা জানতে চান, বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ কত এবং তা পরিশোধে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও প্রশ্ন করেন, নতুন সরকারের সময় কোনো ঋণ পরিশোধ হয়েছে কি না এবং হয়ে থাকলে তার পরিমাণ কত।
জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব মূলত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পালন করে। প্রতি অর্থবছরে সম্ভাব্য ঋণ পরিশোধ ব্যয় নির্ধারণ করে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়, যা দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ প্রশ্নোত্তর পর্বে দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

