রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে রুশ জ্বালানি পণ্য আমদানির ওপর থাকা বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই শিথিলতার মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
উল্লেখ্য, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।
নতুন এই ৬০ দিনের সময়সীমা বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

