ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় শিষ্টাচার স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সংসদ আল্টিমেটাম দেওয়ার জায়গা নয়; বরং এটি জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনার স্থান। সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামের এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলার নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এই গ্রেপ্তার নিয়ে জামায়াতে ইসলামী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান সংসদ সদস্য রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে বিবি সাওদার মুক্তির জন্য এক প্রকার আল্টিমেটাম প্রদান করেন।
রফিকুল ইসলামের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন: “আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য।”
স্পিকার আরও জানান যে, এই বিষয়টি কোনো ‘পয়েন্ট অফ অর্ডার’ নয়। তবে এ ব্যাপারে ইতিমধ্যেই বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই একজন নারী কর্মীকে গ্রেপ্তারের ঘটনাটি মানবাধিকার পরিপন্থী এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনায় ভোলার স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

