ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উভয় হেলিকপ্টারের ক্রু ও যাত্রীরা রয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর জানিয়েছে আল জাজিরা।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি হেলিকপ্টারে পাঁচজন যাত্রী ছিলেন, আর অন্যটিতে ছিলেন একজন পাইলট। দুর্ঘটনায় কেউ জীবিত উদ্ধার হননি।
দুর্ঘটনার পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং এলাকায় ভেঙে পড়ে। এতে সেখানে রাখা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগার ফলে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তিনি জানান, এ ধরনের আগুন নেভাতে সাধারণ যানবাহনের তুলনায় কয়েক গুণ বেশি পানি প্রয়োজন হয়।
উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনাস্থলটি জনবহুল এলাকায় অবস্থিত। হেলিকপ্টার দুটি পার্কিং লটে না পড়ে আবাসিক ভবনের ওপর আছড়ে পড়লে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত।
আগুন নিয়ন্ত্রণে আনার পর পার্কিং এলাকায় থাকা একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর হেলিকপ্টারটি প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।

