সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

