জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাজার সংলগ্ন পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ জানায়, আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীর সুরেশ্বর মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালুবাহী একটি বাল্কহেড থেকে ট্রলারের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রতন খাঁ (২২) ও বিল্লাল (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে চাঁদাবাজির কাজে ব্যবহৃত বলে অভিযোগ থাকা একটি স্টিলের ট্রলার জব্দ করা হয়েছে।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নদীপথে অবৈধ চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

