ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত পূরণ না করে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান যদি তাদের চুক্তির শর্ত পূরণ না করে, অথবা তারা যদি সঠিক আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন, তাই করব।”
তিনি আরও দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ মূলত যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই অর্থ শেষ পর্যন্ত মার্কিন কৃষকদের কাছেই ফিরে যাবে, কারণ ইরানের বড় জনগোষ্ঠীর খাদ্য চাহিদা রয়েছে।
তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি দেশটির অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এবং এটি আন্তর্জাতিক আইনের আওতায় তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, “হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

