যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে।
ট্রাম্প বলেন, “হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। অবরোধ চলবে এবং দুর্ভাগ্যজনকভাবে আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।”
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
এর আগে টানা যুদ্ধের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই স্থায়ী সমঝোতার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

