ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের একটি সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাজ করছিল বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন হঠাৎ করে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সদর দপ্তরে যান। সেখানে তিনি ইরানের ইউরেনিয়াম মজুত লক্ষ্য করে সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের ব্রিফিং গ্রহণ করেন।
এছাড়া বিষয়টির গুরুত্ব বিবেচনায় তিনি ন্যাটোর একটি শীর্ষ বৈঠক মাঝপথে রেখে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিএনএনের তথ্য অনুযায়ী, এই পর্যায়ের প্রস্তুতি থেকে বোঝা যায় যে, ঝুঁকিপূর্ণ ওই সামরিক অভিযান অনুমোদনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে সম্ভাব্য বিভিন্ন সামরিক বিকল্প প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়।
তবে শেষ পর্যন্ত পরিকল্পনাটি স্থগিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য কঠোর পাল্টা প্রতিক্রিয়া, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মার্কিন সেনাদের ব্যাপক ক্ষতির ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে ওই সময়েও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালি নিয়ে একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে আশাবাদী ছিল বলে উল্লেখ করা হয়েছে।

