হৃদয় চন্দ্র দাস, প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নোয়াখালী রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রোড ডিভাইডারের ওপর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক, হেলপার ও যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালীর মাইজদীর কোন্দার হাট থেকে রাত ৮টার দিকে আন্তঃজেলা ওই মালবাহী ট্রাকটি ঢাকার মিরেরবাজারের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াখালী রেলগেট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির ভারী ট্রাকটি চারজন আরোহী নিয়ে সজোরে রেলক্রসিংয়ের ডিভাইডারের ওপর উঠে যায়।
এ দুর্ঘটনায় ট্রাকে থাকা ৪ জনই আহত হন। আহতরা হলেন— ট্রাকচালক ফিরোজ (৪৫) ও হেলপার সাজ্জাদ (১৮), যাদের উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়। এছাড়া আহত অপর দুই যাত্রী হলেন ইব্রাহিম (৩৮) এবং কিশোর সিয়াম (১৫)।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। আকস্মিক এই দুর্ঘটনায় ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

