এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাঐসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই স্কুল বন্ধ করে শিক্ষকরা চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সব ক্লাসরুম বন্ধ। বিদ্যালয়ের দপ্তরি জাতীয় পতাকা নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আজ ধর্ম পরীক্ষা ছিল, তাই পরীক্ষা দ্রুত শেষ হয়েছে। শিক্ষকরা বাসায় চলে গেছেন।”
পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিপি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমার ব্যাংকে কাজ ছিলো তাই আগে চলে এসেছি । অন্য শিক্ষকরা পরীক্ষা শেষ হওয়ায় চলে গেছেন।
তবে বিদ্যালয়ের অফিস সময় বিকেল ৪টা পর্যন্ত হওয়া সত্ত্বেও শিক্ষকরা কেন স্কুলে অবস্থান করেননি— এমন প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিককে আমি আর কি বক্তব্য দিব, আপনার সাথে বক্তব্য দেয়ার কিছু নেই ”
এদিকে বিদ্যালয়ের আরেক শিক্ষিকা জানান, তারা স্কুল সংলগ্ন একটি বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। ফিরে এসে বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী না থাকায় তারাও চলে যান।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, “স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

