দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি ভাষণ দেবেন। বিএনপি নেতাকর্মীদের আশা, এ জনসভা স্মরণকালের অন্যতম বড় রাজনৈতিক জমায়েতে পরিণত হবে।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দলকে বিজয়ী করতে আগামীর রাজনৈতিক পথচলা নিয়ে দিকনির্দেশনাও দেবেন তারেক রহমান।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্য জনসমাগম বিবেচনায় সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হচ্ছে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
শরীফুল আলম আরও জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

