নিজস্ব প্রতিবেদক, জাককানইবি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত সিন্ডিকেট থেকে গঠিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন চায় বিভাগের শিক্ষার্থীরা। আসন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।
জানা যায়, আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ কমিটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে। সুতরাং বিশেষায়িত কমিটির সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা দাবি আদায়ে কঠোর হব।”
বিশেষজ্ঞ কমিটির সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষায়িত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নাম হিসেবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভা থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে কমিটির সদস্য-সচিব ও সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব বিশেষায়িত কমিটিতে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের চূড়ান্ত অপেক্ষায় রয়েছে।”
বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, রেজিস্টার, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সর্বসম্মত সুপারিশ করা হয়।

