সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রস্তুতি জোরদারে মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ফোর্সের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে এ ড্রিল পরিচালিত হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা অংশ নিয়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল অনুশীলন করেন।
ড্রিল চলাকালে উপস্থিত ছিলেন/ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের,জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবুল কাশেম, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ শেখর ভট্টাচার্য।
ড্রিলে অংশ নেওয়া পুলিশ সদস্যরা দ্রুত মোতায়েন,জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান,চেকপোস্ট পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রমের মহড়া দেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রিল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে,জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা,সমন্বয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও সুদৃঢ় হবে।

