দিনাজপুর প্রতিনিধি:
একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ—কর্মে হতে হবে যুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আঞ্চলিক স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিটিই, টিএমইটি’র এ্যাসেট প্রকল্পের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের মোঃ আক্কাস আলী জানান, “বর্তমান যুগে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে দেশের যুবসমাজ কর্মসংস্থানে যুক্ত হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দিনব্যাপী আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত টেকনিক্যাল স্কুল ও প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর দক্ষতা প্রদর্শিত হয়।
পরে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কারিগরি শিক্ষার ওপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন এ্যাসেট প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক শামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোঃ মাহমুদ হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবদুল ওয়াদুদ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।


