মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহেও মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও প্রতি মণ কাঁচা মরিচে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাজার করতে আসা অনেক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর কাঁচা মরিচ ও সবজির বাড়তি দাম নতুন করে চাপ সৃষ্টি করেছে।
শুধু কাঁচা মরিচই নয়, জেলার বাজারগুলোতে সব ধরনের সবজির দামও বেড়েছে। পটল, ঝিঙা, বরবটি, লাউ, ঢেঁড়স ও করলাসহ বিভিন্ন সবজিতে কেজিপ্রতি প্রায় ১০ টাকা পর্যন্ত দাম বেড়ে বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে কাঁচা মরিচ ও সবজির দাম বেড়েছে।

