যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের আহ্বানের জবাবে ইরান জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে একটি সীমিত মেয়াদের সমঝোতায় যেতে পারে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ পাঁচ বছরের জন্য সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত রাখার বিষয়ে তারা সম্মত হতে পারে।
এদিকে এই কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে তারা প্রস্তুত, যাতে ভবিষ্যতে পারমাণবিক উত্তেজনা কমে এবং একটি স্থায়ী সমঝোতার পথ তৈরি হয়।
মস্কোর মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ কমবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার পরিবেশ তৈরি হতে পারে।
ক্রেমলিন আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেও একাধিকবার এ ধরনের প্রস্তাব তুলে ধরেছিলেন, এবং বর্তমান প্রস্তাবও সেই ধারাবাহিকতার অংশ।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও রাশিয়ার এই উদ্যোগ পরিস্থিতিকে নতুন কূটনৈতিক মোড়ে নিয়ে যেতে পারে।

