হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে শিশু দুটির খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
এরই অংশ হিসেবে বুধবার (১৩ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিনিধি দলটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং শিশু দুটিসহ হাসপাতালে ভর্তি অন্য রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাসান ও হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো তারা অপুষ্টিতে ভুগছে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, যমজ শিশুদের বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে।

