সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস ও গণহত্যার স্মৃতি নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন,২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা,স্মরণানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবুল খায়েরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

