জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (UNPFII)-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘ভুল ও বিভ্রান্তিকর’ তথ্য উপস্থাপনের অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন এবং সঞ্চালনা করেন সভাপতি মো. রাসেল মাহমুদ।
বক্তারা দাবি করেন, আন্তর্জাতিক পরিসরে পার্বত্য অঞ্চল ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে একপাক্ষিক চিত্র তুলে ধরা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি বাস্তব পরিস্থিতি না জেনে পাহাড় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। পাশাপাশি জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের চাঁদাবাজির কারণে স্থানীয়রা ভোগান্তির শিকার হলেও বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে উঠে আসছে না বলে মন্তব্য করেন বক্তারা।
প্রধান বক্তারা বলেন, আন্তর্জাতিক ফোরামে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
এছাড়া বক্তারা ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নিয়েও আপত্তি জানান এবং রাষ্ট্রীয় অখণ্ডতার সঙ্গে সাংঘর্ষিক ধারণা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশে নেতাকর্মীরা পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমি কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ জরিপ পরিচালনার দাবি জানান।

