সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
তীব্র গরম ও উচ্চ আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে মৌলভীবাজার জেলায়। গত কয়েক দিনের মতো বুধবারও জেলার তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করেছে। তবে বিকেল বা সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় স্বস্তির অপেক্ষায় রয়েছেন জেলার বাসিন্দারা।
জেলার আবহাওয়া পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানিয়েছেন,গতকাল মঙ্গলবারের মতোই বুধবার (০৩ জুন) মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও আর্দ্রতার মাত্রা বেশি হওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি তীব্র হচ্ছে।
তিনি বলেন,বিকেল কিংবা সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজারেও বর্তমানে মৃদু তাপপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজ করছে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষের কাছে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতোমধ্যে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা,আগামী ৪ থেকে ৫ জুনের মধ্যে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ বাড়তে পারে। এতে চলমান ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
জেলার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর গরম ও মেঘলা আবহাওয়া বিরাজ করতে দেখা গেছে। বৃষ্টির আশায় অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

