ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে।
টিএসসি কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত মোট ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভোট দেন, যা ভোটারের প্রায় ৫৮ শতাংশ। রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, টিএসসির ক্যাফেটেরিয়ার ১২টি বুথে ২ হাজার ১০০ এবং ইনডোর গেমস রুমের সাতটি বুথে ১ হাজার ২০০ ভোট পড়েছে। এই কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫।
অন্যদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩ হাজার ৭৮৬টি, যা ভোটারের প্রায় ৭৮ শতাংশ। কেন্দ্রটিতে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এস এম হলের শিক্ষার্থীরা ভোট দেন।
জগন্নাথ হলের ২ হাজার ২২৯ ভোটের মধ্যে ১ হাজার ৭২৬ (৭৭ শতাংশ), জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ ভোটের মধ্যে ১ হাজার ৫৭৫ (৮০ শতাংশ) এবং এস এম হলের ৬৬৯ ভোটের মধ্যে ৪৮৫ (৭২ শতাংশ) ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট প্রাধ্যক্ষরা নিশ্চিত করেছেন।

