ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের কারণে তিন কৃষকের শতাধিক লাউসহ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। রোববার সকালে অমানবিক ও দুঃখজনক এ ঘটনা ঘটে।
কৃষক আনোয়ার হোসেনের ছেলে নুর হোসেন জানান, রোববার সকালে পানি দিতে গিয়ে দেখেন তার ক্ষেতের লাউ গাছের গোড়া কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, “গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ছোট-বড় প্রায় ৪০টি লাউ পরে কেটে নিতে হয়েছে। এ ঘটনায় আমার অনেক ক্ষতি হয়েছে।”
একই এলাকায় থাকা রহমানের ছেলে জুয়েল ও আবু হানিফের ছেলে তাওহীদের ক্ষেতেও একইভাবে লাউ গাছ কেটে ফেলা হয়েছে। তিন কৃষক ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, এমন কর্মকাণ্ডের কারণে কৃষকরা তাদের ফসল রক্ষা নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম ও আবির হোসেন বলেন, ঘটনাটি অমানবিক এবং অত্যন্ত দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং পরবর্তী ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এমন ধরনের ঘটনা পুনরায় ঘটতে দেবেন না।
তারা অভিযোগ করেছেন, এ ধরনের কাজ শুধু কৃষকের ক্ষতি করছে না, বরং এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও সৃষ্টি করছে। লাউসহ ফসলের ক্ষতি শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং কৃষক জীবনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তাই স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

