আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে মো. জিসান (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জিসান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ থেকে একটি মিনি ট্রাক বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম নিয়ে টেকনাফের হ্নীলা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কানজরপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসান নামের ওই শ্রমিকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হাফিজ আহমদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নিই। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

