সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বিলাইছড়ি উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ ( ওয়াইডিএসবি) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন। ওয়াইডিএসবি’র নির্বাহী পরিচালক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা ও নীতি নির্ধারণী অফিসার অন্নিতা তঞ্চঙ্গ্যা,ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুইসাইন মারমা,দিলু আরা বেগম, হেডম্যান বিমলী চাকমা, সুনিক জ্যোতি তালুকদার, মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, কল্প কার্বারী, ববিতা চাকমা, লাইন্সম্যান সাগর চাকমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি, তীব্র পানি সংকট, ভূমিধস এবং কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। পাহাড়ি অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার আহ্বান জানান তারা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া এবং ব্যক্তি ও পরিবার ভিত্তিক সবাই এগিয়ে আসার আহবান করা হয়।

