নাজমুল হোসেন, ঠাকুরগাঁও, প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ২য় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ। তাঁর এ মনোনয়নে উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ঘোষিত কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদকে ২য় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় কামাল আনোয়ার আহাম্মদকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মৌমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানা যায়, কামাল আনোয়ার আহাম্মদ উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবন থেকেই তিনি ঢাকায় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৭৯টি মামলা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, “কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে বহু ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এতে রাণীশংকৈলসহ পুরো ঠাকুরগাঁও-৩ আসনের নেতাকর্মীরা আনন্দিত ও গর্বিত।

