সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মৌলভীবাজার জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এর নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি,আগাম প্রস্তুতি গ্রহণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা,অগ্নিনির্বাপন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বাস্তবধর্মী মহড়া ও প্রদর্শনী উপস্থাপন করেন। মহড়ায় আগুন লাগার ঘটনা,দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় একটি নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলাই এ দিবসের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

