জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে খোলা বাজারে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জাহিদ হাসান টিপু এবং দৈনিক সমকালের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। অভিযোগ অনুযায়ী, পাম্পে অপেক্ষমাণ যানবাহনকে তেল না দিয়ে ড্রামে করে তেল মজুদ ও বিক্রির দৃশ্য ধারণ করছিলেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে পাম্প মালিক ফারুক মাদবরের ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়।
স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জাহিদ হাসান টিপু সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীরা জানান,‘প্রশাসনের তেল’ দাবি করে ড্রামে রাখা জ্বালানি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক নেতারা এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সখিপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

