সাম্প্রতিক পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। গত ১৫ দিনে যেসব গ্রাহক তাদের হিসাব বন্ধ করে দিয়েছেন, তারা কোনো ধরনের ফি বা অতিরিক্ত চার্জ ছাড়াই তা পুনরায় সচল করার সুযোগ পাবেন। সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
ইসলামী ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১৫ জুনের মধ্যে যেসব এমটিডিআর (MTDR), এমএসবি (MSB), এমএমপিডিএস (MMPDS) এবং এমএসএস (MSS) হিসাব নগদায়ন বা বন্ধ করা হয়েছে, গ্রাহকরা চাইলে সেগুলো আগের নিয়মেই চালু করতে পারবেন। এই বিশেষ সুবিধা পেতে হলে আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহককে নিজ উদ্যোগে ব্যাংকে আবেদন করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনার আওতায় বন্ধ হওয়া হিসাব পুনরায় সচল করলে গ্রাহকদের কোনো ধরনের আর্থিক ক্ষতি হবে না। হিসাবটি যদি বন্ধ না হয়ে নিরবচ্ছিন্নভাবে চালু থাকত, তবে গ্রাহক যে পরিমাণ মুনাফা ও সুযোগ-সুবিধা পেতেন, তার সবটুকুই বহাল রাখা হবে। এছাড়া হিসাব পুনঃসচলের ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের খরচ ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। মূলত ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নে এরই মধ্যে ইসলামী ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ হওয়া হিসাবগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এই তালিকার ভিত্তিতে ব্যাংক কর্মকর্তারা সংশ্লিষ্ট গ্রাহকদের মোবাইল ফোন ও ঠিকানায় যোগাযোগ করে তাদের হিসাবগুলো পুনরায় সচল করতে উৎসাহিত করবেন।

