ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে করা মামলার আসামী হারিসুল বারিকে কুড়িগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য পদ প্রার্থী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মামলায় ১নং আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৭ নং আসামী হারিসুল বারি। এ প্রার্থী মনোনয়ন প্রকাশিত হওয়ার পর স্থানীয় এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হরিপদ মন্ডল ৯১ জনের নামে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, ১নং ও ২নং আসামী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছিলেন, আর ২৭ নং আসামি হারিসুল বারি স্থানীয়ভাবে সহায়তা করেছিলেন। মামলায় উল্লেখ আছে, পুলিশসহ বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে ওই সময় ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।
নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা হারিসুল বারির প্রার্থীতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, তিনি আগে এলাকায় কমই আসতেন, ব্যবসায়িক কারণে জাপা ও আলীগের এমপিদের সঙ্গে যোগাযোগ ছিল। হঠাৎ চরমোনাই পীরের ইসলামী আন্দোলনে যোগদান করে কুড়িগ্রাম-১ আসনে এমপি প্রার্থী হওয়ায় এটি ফ্যাসিস্ট পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে নির্বাচনে অংশগ্রহণ করানো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত কষ্টের।
অন্যদিকে, হারিসুল বারি রনি দাবি করেছেন, তিনি তখন নাগেশ্বরীতে ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকার সাভারে দায়ের করা মামলা মিথ্যা। নির্বাচনী হলফনামায় এ বিষয় উল্লেখ আছে, পুলিশও তদন্ত করে তার কোনো সংশ্লিষ্টতা পায়নি।

